স্পিনে হেরাথ, ব্যাটিংয়ে প্রিন্স
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন শ্রীলঙ্কার কিংবদন্তি রঙ্গনা হেরাথ ও দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স। খণ্ডকালীনভাবে হেরাথকে স্পিন পরামর্শক ও প্রিন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।
দুই জনই আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন। হেরাথের সঙ্গে বিসিবির চুক্তিটা হয়েছে চলতি বছরের আইসিসি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। আর হেড কোচ রাসেল ডমিঙ্গোর সুপারিশে শুধু জিম্বাবুয়ে সফরের জন্য প্রিন্সকে নিয়োগ দেওয়া হয়।
লঙ্কান সাবেক বাঁহাতি স্পিনার হেরাথের কোচিং ক্যারিয়ার শুরু হবে বাংলাদেশকে দিয়েই। যদিও আইসিসি এবং ক্রিকেট শ্রীলঙ্কার লেভেল থ্রি কোচিং কোর্স করেছেন তিনি। টেস্টের অন্যতম সফল বাঁহাতি স্পিনার হেরাথ। ২০১৮ সালে অবসর নেওয়ার আগে ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট, ৭১ ওয়ানডেতে ৭৪ উইকেট, ১৭ টি-২০ তে ১৮ উইকেট নিয়েছেন তিনি।
সর্বশেষ নিউজিল্যান্ড সফরের পর ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। ভারপ্রাপ্ত হিসেবে শ্রীলঙ্কা সফরে কাজ করেছেন দেশীয় কোচ সোহেল ইসলাম। ৪৩ বছর বয়সি এ হেরাথকে দিয়ে পূরণ হলো স্পিন কোচের পদ। দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৯ ম্যাচ খেলেছেন প্রিন্স। লেভেল-থ্রি কোচ হিসেবে প্রিন্সের অভিজ্ঞতাও বেশ। ২০১৪ সালে অবসরের পর ঘরোয়া ক্রিকেটে কোপ কোবরাসের সহকারী ও হেড কোচ হিসেবে কাজ করেছেন। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল, জাতীয় দলের সঙ্গেও ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন ৪৪ বছর বয়সি প্রিন্স। গত আগস্টে নেইল ম্যাকেঞ্জি পদত্যাগ করার পর ইংলিশ জন লুইসকে খণ্ডকালীনভাবে নিয়োগ দিয়েছিল বিসিবি। টানা কয়েকটি সিরিজে কাজ করলেও লুইসের সঙ্গে আর চুক্তি নবায়ন করা হয়নি।
করোনাকালে কোচ পাওয়া কঠিন হয়ে পড়েছিল, তাই খণ্ডকালীন কোচ নিয়োগের পথেই গিয়েছে বিসিবি। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘স্পিন কোচ হিসেবে হেরাথকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি। আমাদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, দক্ষিণ আফ্রিকান। খেলোয়াড় হিসেবে তার রেপুটেশন অনেক ভালো। ওকে আমরা এই সিরিজটার জন্য নিয়েছি। ওদের পারফরম্যান্স দেখে যদি পছন্দ হয় আমরা লম্বা সময়ের জন্য যাব।’
