সিংড়ায় ন্যায্য দাম না পাওয়ায় খামারিরা দুধ মাটিতে ঢেলে অভিনব প্রতিবাদ করেছেন। শুক্রবার ও শনিবার সকালে বাহাদুরপুর বটতলা এলাকায় প্রায় ৩০ জন খামারি দুধ ঢেলে বাড়িতে ফেরেন। ১৫-২০ টাকা দরে কোনো কোনো দিন দুধ বিক্রি করতে হয়। এতে লোকসানে পড়ছেন খামারিরা। বিশেষ করে খড় ও ভূষির দাম বেশি থাকায় এবং দুধের দাম কম হওয়ায় আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। খামারিরা জানান, সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে গরুর প্রায় ৬০০ খামার রয়েছে। রয়েছে বিভিন্ন বাজার ও হাট। এসব স্থানীয় হাট ও বাজারে দুধ বিক্রি হয়। বাড়িতে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি মহাজনদের কাছে প্রতিদিন ৪০-৬০ লিটার দুধ একেক জন খামারি বিক্রি করতে আসেন। কিন্তু লকডাউনের কারণে বাজার মন্দা থাকায় মহাজন না এলে দুধ নেওয়ার মতো ক্রেতাও থাকে না। দুধ নিয়ে বাড়ি ফেরাও কষ্টের কারণ হওয়ায় বুকভরা কষ্ট নিয়ে বাড়ি ফিরতে হয় তাদের। এজন্য দুধ সংরক্ষণাগার গড়ে তোলার দাবি জানান খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খুরশিদ আলম জানান, কলম, চামারী, হাতিয়ান্দহ এলাকায় বহু খামারি আছেন। চামারী ও হাতিয়ান্দ থেকে বেসরকারিভাবে প্রাণ ও আড়ং দুধ কেনে। শুক্রবার কিংবা অন্যান্য ছুটির দিন দুধ কেনা বন্ধ থাকে। তিনি আরো বলেন, ‘ইটালি, ডাহিয়া ইউনিয়নে সরকারি ব্যবস্থাপনায় দুধ শীতলীকরণ, অর্থাত্ ক্রয়কেন্দ্র গড়ে তোলার জন্য সুপারিশ পাঠানো হয়েছে।’
