বঙ্গবন্ধুর সমাধি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত সেনাপ্রধান

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:৪১

নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। তিনি সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সেনাপ্রধান বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে তার প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সেনাবাহিনীর প্রধান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বীর শহিদদের সম্মানে সালাম প্রদান করেন। এ সময় বিউগলের সুরে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। অতঃপর সেখানে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরে সেনাবাহিনীর প্রধান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেনাবাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। সেনাপ্রধান বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সব শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত শেষে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

আমাদের টুঙ্গিপাড়া সংবাদদাতা জানান, মন্তব্য বইতে সেনাপ্রধান লেখেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষের মাহেন্দ্রক্ষণে সেনাবাহিনীর প্রধান হিসেবে ইতিহাসের মহানায়ক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এই সাথে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই আমাদের ৩০ লাখ শহিদকে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার আলোকে সবাই মিলে কাজ করে প্রিয় বাংলাদেশকে আরো উন্নত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাকে এই সুযোগ ও সম্মান দেওয়ার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করি।’