চট্টগ্রামে এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় বাসচালক-হেলপারসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। মিরসরাই ও সীতাকুন্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো—আল আমিন, শাহাদাত হোসেন মামুন, ইসমাইল, বেলাল, রায়হান ওরফে রানা ও সাত্তার। গ্রেফতারকৃত ছয় চনের মধ্যে পাঁচ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রায়হান অপরাধ স্বীকার না করায় তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
জানা যায়, গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তরুণী গার্মেন্টস কর্মীকে মিরসরাই ও সীতাকুন্ড এলাকার বিভিন্ন জায়গায় নিয়ে দলবেঁধে তিন দফায় ধর্ষণ করা হয়। বৃহস্পতিবার ঐ তরুণী মিরসরাই থানায় মামলা করেন। মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান বলেন, বাস হেলপার মামুনের সঙ্গে ঐ তরুণীর পূর্ব পরিচয় ছিল। বুধবার রাতে বাসে থাকা অবস্থায় সীতাকুন্ড এলাকায় বাস চালক ও হেলপার তরুণীকে ধর্ষণ করে। তাদের সঙ্গে থাকা এক দালালের মাধ্যমে ব্ল্যাকমেইল করে তরুণীকে মিরসরাই নিয়ে যাওয়া হয়। সেখানে সায়েরখালী বেড়িবাঁধ এলাকায় নিয়ে কয়েক জন মিলে আরেক দফায় ধর্ষণ করা হয়। এছাড়া সীতাকুন্ডের ত্রিপুরা এলাকার আশপাশে নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে তরুণী জানায়। তরুণীকে ধর্ষণের সঙ্গে ৯ জন জড়িত ছিল। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। ধর্ষণের শিকার তরুণী চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিত্সাধীন রয়েছে।’
