মিরসরাইয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পৌর কাউন্সিলরের বিরুদ্ধে

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:৪৩

চট্টগ্রামের মিরসরাইয়ে আজিম হোসেন শাহাদাত (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় মিরসরাই পৌর সদরের হোপ মা ও শিশু হাসপাপতালে এই ঘটনা ঘটে। হাসপাতালের মালিক মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ শাখের ইসলাম রাজু। তিনি মিরসরাই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গতকাল শনিবার বিকালে ফেনী সদর হাসপাতাল মর্গে শাহাদাতের লাশের ময়নাতদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

নিহত আজিম হোসেন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে। তার মা রাজু কমিশনারের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। 

আজিম হোসেনের বাবা আব্দুল বাতেন জানান, শুক্রবার বিকালে শাহদাতকে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে মিরসরাইয়ে হোপ মা ও শিশু হাসপাতালের ষষ্ঠ তলায় কমিশনার রাজুর অফিসে নিয়ে যায় রাজুর লোকজন। পরে আমি খবর পেয়ে রাত ৮টায় হোপ হাসপাতালে গিয়ে দেখি মোটা লাঠি দিয়ে কমিশনার রাজু ও তার ক্যাডার বাহিনীর সদস্য ফরিদ, তারেক ও জাহিদ আমার ছেলেকে মারধর করছেন। কমিশনার রাজু তার হাতে থাকা গাছের লাঠি দিয়ে আমার ছেলের মুখের ওপর জোরে আঘাত করলে তার সামনের দুটি দাঁত পড়ে যায়। এ সময় তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে। লাঠির আঘাত সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই মারা যায় ছেলেটি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, আজিম উদ্দিন খুনের ঘটনায় থানায় হত্যা মামলা রুজুর পক্রিয়া চলছে। আমরা হোপ মা ও শিশু হাসপাতালে কমিশনার রাজুর অফিস পরিদর্শন করেছি। এ সময় তার অফিস থেকে রক্তাক্ত তোষক জব্দ করেছি। আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান চলমান।