দীঘিনালায় সাবেক ইউপিডিএফ সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:৪৪

দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার মধ্যরাতে তাকে উপজেলার নোয়াপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয় বলে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ পিয়ার আহমেদ জানিয়েছেন। নিহত অমর জীবন চাকমা (৪০) জেলার হাজাছড়া জোড়াব্রিজ এলাকার সুরেশ চন্দ্র চাকমার ছেলে।

অমরের শ্বশুর বিজয় চাকমা জানান, রাতের খাবার শেষে ঘুমিয়ে ছিলেন অমর জীবন চাকমা। কয়েক জন লোক ঘুম থেকে ডেকে তুলে পাশের গ্রাম দীঘিনালার বড়াদম পূর্ব খামারপাড়ায় নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করেছে। অমর দীঘিনালা উপজেলার নোয়াপাড়া গ্রামে শ্বশুর বাড়িতেই থাকতেন।

জানা গেছে, অমর জীবন চাকমা ইউপিডিএফ (প্রসিত খীসা) দলের সক্রিয় সদস্য ছিলেন। তবে গেল দুই বছর ধরে তিনি দলে নিষ্ক্রিয় ছিলেন। শাকসবজি বেচাকেনা করে পরিবার চালাতেন।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ পিয়ার আহমেদ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।