নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনা জেলার অন্যতম প্রধান নদী মগড়া নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত এবং নাব্য সৃষ্টির জন্য খননের দাবি জানিয়ে শহরের পৌরসভা অফিস সড়কে বিশাল মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় নেত্রকোনা জেলা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে পরিবেশের ভারসাম্য রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে মগড়া নদী খনন, দু্ইতীর দখলমুক্তকরণ, নদীতে ময়লা আবর্জনা ফেলা বন্ধসহ ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। কমিটির সদস্য সঞ্জয় সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ নাজমুল কবীর সরকার, সদস্য সচিব আলপনা বেগম, উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ। পরে নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলামের নিকট এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয় —ইত্তেফাক
