ভারতে হচ্ছে না টি-২০ বিশ্বকাপ

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:৪৭

করোনাকালে ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসির কাছে সময় চেয়েছিল বিসিসিআই। আগামীকালের মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে তাদের। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন—ভারতে নয়, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে চলতি বছরের টি-২০ বিশ্বকাপ।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রকাশিত খবরে উল্লেখ রয়েছে, ভারতে হবে না টি-২০ বিশ্বকাপ। আয়োজক স্বত্ব ভারতের     থাকলেও করোনার কারণে টুর্নামেন্ট সরিয়ে নিতে বাধ্য হচ্ছে বিসিসিআই। ১৬ দলের টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ অক্টোবর, শেষ হবে ১৪ নভেম্বর। আগামী ১৫ অক্টোবর আইপিএলের দ্বিতীয় ভাগের খেলা শেষ হওয়ার  পরই শুরু হবে টি-২০ বিশ্বকাপ।

প্রথম রাউন্ডের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ওমান ও আমিরাতে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি। দুই গ্রুপের শীর্ষ চারটি দল উঠবে বিশ্বকাপের মূল পর্ব তথা সুপার-টুয়েলভে। র্যাংকিংয়ে ওপরে থাকায় যেখানে সরাসরি খেলার টিকিট পেয়েছিল ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

সুপার-টুয়েলভ পর্ব শুরু হবে ২৪ অক্টোবর। এই পর্বে হবে মোট ৩০টি ম্যাচ। দুবাই, আবুধাবি, শারজাহ—তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।