স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘আমরা লকডাউ-নির্ভর হতে চাই না, ভ্যাকসিন-নির্ভর হতে চাই। করোনা মহামারিকে আমরা ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ করব।’ করোনার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মাানিকগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘করোনায় আমরা মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি। সারা দেশে জেলা, উপজেলা পর্যায়ে কমিটি করা হয়েছে। বন্দরে স্ক্যানারের ব্যবস্থা করা হয়েছে। জেলা-উপজেলা পর্যায়ে ৬ হাজারের মতো আইসোলেশন সেন্টার করা হয়েছে। মাত্র একটি ল্যাব ছিল, এখন ৫০০ ল্যাব কাজ করছে। ১৫০টি হাসপাতালে সেণ্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট করা হয়েছে।’ মন্ত্রী আরো বলেন, ‘১৩ হাজার বেড অক্সিজেন লাইনের আওতায় আনা হয়েছে। আমরা ৫০ লাখ লোককে টেলিমেডিসিন সেবা দিয়েছি। ভ্যাকসিনের ব্যবস্থা করেছি, ভ্যাকসিন চলমান। এসব উন্নয়নের কারণে দেশে মৃত্যুর হার দেড় শতাংশ। সারা পৃথিবীতে মৃত্যুর হার আড়াই শতাংশ। করোনার কারণে কেউ চিকিত্সার জন্য দেশের বাইরে যেতে পারছেন না। তারা দেশেই চিকিত্সা নিচ্ছেন। দেশে সেই সক্ষমতা তৈরি হয়েছে।
