কাশ্মীরের বিশেষ মর্যাদা না ফেরানো পর্যন্ত নির্বাচন হলেও তাতে তিনি অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি। নির্বাচনে পিডিপি জিতলেও মুখ্যমন্ত্রীর আসনে তিনি বসবেন না।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মনে করেন, জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আগে উপত্যকার মানুষের আস্থা ফেরানোর দিকে নজর দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা সর্বদলীয় বৈঠকে এটাই জানিয়েছেন তিনি। তার মতে, উপত্যকায় বিধানসভা নির্বাচন অপেক্ষা করতে পারে। তবে ভোটের আগে কাশ্মীরিদের ধূলিসাত্ হয়ে যাওয়া আস্থা অর্জন করাই মোদি সরকারের লক্ষ্য হওয়া উচিত।
শুক্রবার একটি ভারতীয় টেলিভিশন চ্যানেলকে সাক্ষাত্কারে তিনি বলেন, উপত্যকায় নির্বাচনের আগে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে। মানুষ হতাশ হওয়ার আগে তাদের কাছে পৌঁছানো জরুরি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে তাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে মোদি সরকার। সে সময় থেকেই ঐ মর্যাদা ফেরানোর দাবিতে সরব হয়েছেন মেহবুবাসহ উপত্যকার রাজনীতিকদের একাংশ।
মেহবুবা বলেন, রাজ্যের বিশেষ মর্যাদা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রী হব না। কারণ, মানুষের কাছে এই বার্তাই দিতে চাই যে এটা কেবল স্লোগান নয়।
