ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

আপডেট : ২৭ জুন ২০২১, ০০:০৮

করোনা বিধিনিষেধের মধ্যে সহকারীকে চুমু খাওয়ার ঘটনায় আরো বিপাকে পড়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। দেশজুড়ে দাবি উঠেছে তার পদত্যাগের। ম্যাট হ্যানককের পদত্যাগ চেয়েছে লেবার পার্টি। তাকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি করেছে যুক্তরাজ্যের বহু সাধারণ মানুষ। তারা বলছে, করোনা বিধিনিষেধ আইন প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন ম্যাট হ্যানকক, আর তিনিই সে আইন ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ। দেশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা হিসেবে তার পদত্যাগ করা উচিত।

হ্যানককের এমন আচরণকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছে লেবার পার্টি। হ্যানকককে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে ব্রিটিশ লিবারেল ডেমোক্র্যাটদের পক্ষ থেকেও। নর্থ নরফোকের সংসদ সদস্য ডানকান বেকার বলেছেন, ‘করোনার বিধিনিষেধের মধ্যে এমন আচরণকে আমি সমর্থন করি না। স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত।’

তবে ঐ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ম্যাট হ্যানকক। নিজের এমন আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। তার ক্ষমা চাওয়ার পর ডাউনিং স্ট্রিট বলছে, প্রধানমন্ত্রী বরিস জনসন হ্যানকককে ক্ষমা করে দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি এখানেই শেষ হিসেবে ভাবতে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি। —বিবিসি