বিদেশে উন্নত চিকিত্সা নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন দেশের ১ হাজার ৫৫৭ জন সাংবাদিক। একই সঙ্গে তাকে স্থায়ী জামিন দেওয়ার দাবিও জানান তারা। গতকাল শনিবার এক যুক্ত বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া মারাত্মক অসুস্থ। তার শারীরিক অবস্থা বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে তার চিকিত্সা নিয়ে কখনো রাজনীতি বাঞ্ছনীয় নয়। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, রিয়াজ উদ্দিন আহমেদ (সাবেক সভাপতি, জাতীয় প্রেসক্লাব), আলমগীর মহিউদ্দিন (সম্পাদক, নয়া দিগন্ত), আমানউল্লাহ (সাবেক প্রধান সম্পাদক, বাসস), আবুল আসাদ (সম্পাদক, দৈনিক সংগ্রাম), শওকত মাহমুদ (সাবেক সভাপতি, জাতীয় প্রেসক্লাব), ড. রেজোয়ান সিদ্দিকী (সম্পাদক, দৈনিক দিনকাল), মোস্তফা কামাল মজুমদার (সম্পাদক, দ্য নিউ নেশন), কবি আবদুল হাই শিকদার (সাংবাদিক ও কবি), এরশাদ মজুমদার (সাংবাদিক ও কবি), সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ, এমএ আজিজ, হাসান হাফিজ, মাহমুদ শফিক, আবু সালেহ, কাদের গনি চৌধুরী, ইলিয়াস খান, কাজী রওনাক হোসেন, মুরসালিন নোমানী প্রমুখ।
