রাজধানীর গুলশানে পিকআপ ভ্যানের ধাক্কায় ঠেলাগাড়ির দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন—আরিফ উদ্দিন (৩২) ও আব্দুর রহমান বাবুল (৪৪)। গতকাল শনিবার এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। তারা হলেন—আবুল কাশেম (৪৫) ও মিজানুর রহমান (৪০)। আহতদের মধ্যে আবুল কাশেমকে ঢামেক হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। মিজানুর বর্তমানে গুলশানের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
আরিফের সহকর্মী এরশাদ জানান, কালাচাঁদপুর থেকে আরিফ, বাবুল, কাশেম ও মিজানুর দুইটি ঠেলাগাড়িতে রাবিশ (ইটের টুকরা) নিয়ে কোকাকোলা মোড়ের দিকে যাচ্ছিলেন। দ্রুতগতির একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাদের ঠেলাগাড়িকে ধাক্কা দেয়। এতে প্রথম ঠেলাগাড়ির চালক আরিফ ঘটনাস্থলেই মারা যান।
গুলশান থানার এসআই মো. নুরুজ্জামান বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঐ পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। তবে পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে। পলাতক ঐ চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত আব্দুর রহমানের বাবার নাম মো. কোটু মিয়া। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নলচাপরা গ্রামে। নিহত আরিফ উদ্দিনও ভাটারা নয়ানগর এলাকায় থাকতেন।
