রাশিয়ার সরকার করোনার তিনটি নিরাপদ ও কার্যকর টিকার অনুমোদন দিয়েছে। টিকা প্রয়োগও বেড়েছে। কিন্তু একই সঙ্গে দেশটিতে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। রুশ বিশেষজ্ঞরা বলছেন, ভারতে প্রথম পাওয়া ডেলটা ভ্যারিয়েন্ট এখন মস্কোয় ব্যাপক সংক্রমণ ঘটাচ্ছে। মেয়র সের্গেই সোবায়ানিন সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, নতুন করে যাদের করোনা ভাইরাস হচ্ছে তাদের প্রায় ৯০ জনের শরীরে কোভিডের ডেলটা ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে বলা হয়েছে, রাজধানী মস্কোতে ডেলটা ভ্যারিয়েন্টের প্রকোপ সবচেয়ে বেশি। গত দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনগুণ। এই অবস্থায় মস্কোর হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। গতকাল শনিবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৬৫ জন। গত জানুয়ারির পর এক দিনে এই সংখ্যা সবচেয়ে বেশি। মৃত্যু হয়েছে ৬১৯ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত ৫৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে, ১ লাখ ৩২ হাজার মানুষের।
এদিকে সংক্রমণ বাড়ছে ইন্দোনেশিয়ায়। আলজাজিরার খবরে বলা হয়েছে, ২৭ কোটি জনসংখ্যার দেশটিতে হঠাত্ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় চিকিত্সাব্যবস্থা ভেঙে পড়তে চলেছে। গত শুক্রবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৭২ জন। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যায়। খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়াতেও সংক্রমণ ছড়াচ্ছে ডেলটা ভ্যারিয়েন্ট। সংক্রমণ হঠাত্ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাঁবু গেরে হাসপাতাল বানানো হচ্ছে। অন্যদিকে ভারতে সংক্রমণের হার কিছুটা কমেছে। গতকাল নতুন করে ৪৮ হাজার ৬৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন আরো ১ হাজার ১৮৩ জন।
