শিগিগরই মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ ------------- মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ২৭ জুন ২০২১, ০০:১১

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশকে শিগিগরই মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার এক টুইট বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।

আর্ল মিলার বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশ শিগিগরই মার্কিন জনগণের পক্ষ থেকে গ্যাভির মাধ্যমে মডার্নার ২৫ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করবে। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্ব জুড়ে ভ্যাকসিনের সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কিন রাষ্ট্রদূতের এই টুইটের একদিন আগে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও একই তথ্য দিয়েছেন। মন্ত্রী জানান, কোভ্যাক্সের আওতায় আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়া যাবে।