চুম্বন বিতর্কে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আপডেট : ২৭ জুন ২০২১, ০০:৩০

করোনা বিধিনিষেধের মধ্যে সম্প্রতি এক সহকারীকে চুম্বন করার ছবি প্রকাশ হওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হওয়ায় পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। গতকাল শনিবার তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের নিকট পদত্যাগপত্র পাঠিয়ে দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, যারা করোনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সম্মান জানিয়ে তিনি দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। যখন পরস্পর থেকে সামাজিক দূরত্ব মেনে চলার উদাহরণ সৃষ্টি করার প্রয়োজন ছিল, তখন তিনি সেটা ভেঙে ফেলেছেন। তাই এই পদে থাকার নৈতিক দায়িত্ব হারিয়েছেন।

এর আগে দেশজুড়ে দাবি ওঠে তার পদত্যাগের। পদত্যাগ দাবি করে বিবৃতি দেয় লেবার পার্টি। তাকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি তোলে যুক্তরাজ্যের বহু সাধারণ মানুষ। তারা বলে, করোনা বিধিনিষেধ আইন প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন ম্যাট হ্যানকক, আর তিনিই সে আইন ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ। দেশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা হিসেবে তার পদত্যাগ করা উচিত।  হ্যানকককে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছিল ব্রিটিশ লিবারেল ডেমোক্র্যাটদের পক্ষ থেকেও। নর্থ নরফোকের সংসদ সদস্য ডানকান বেকার বলেন, ‘করোনার বিধিনিষেধের মধ্যে এমন আচরণকে আমি সমর্থন করি না। স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত’।

তবে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেন ম্যাট হ্যানকক। নিজের এমন আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। তার ক্ষমা চাওয়ার পর ডাউনিং স্ট্রিট জানায়, প্রধানমন্ত্রী বরিস জনসন হ্যানকককে ক্ষমা করে দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি এখানেই ‘শেষ’ হিসেবে ভাবতে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি। -বিবিসি