চুয়েটে টেকসই নগরী বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৩

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ (ইউআরপি)-এর উদ্যোগে ‘টেকসই নগরী ও সম্প্রদায়’ শীর্ষক সেমিনার গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। রিসোর্স পারসন ছিলেন সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর প্রেসিডেন্ট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. একেএম আবুল কালাম। সভাপতিত্ব করেন চুয়েটের ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক। সঞ্চালনায় ছিলেন ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রাশিদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, যে কোন উন্নয়নকে টেকসই করে গড়ে তোলা জরুরি যাতে দ্রুত নিঃশেষ হয়ে না যায়। এমনভাবে টেকসহ করতে হবে যাতে পরনির্ভরতা কমে, নিজস্ব শক্তিতে চলা যায়। এজন্য বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গড়ে তুলতে হবে।

রিসোর্স পারসনের বক্তব্যে অধ্যাপক ড. এ.কে. এম. আবুল কালাম বলেন, সবক্ষেত্রে বিশেষায়িত জ্ঞান ও বিশেষজ্ঞের প্রয়োজন আছে। আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রায়, সম্পদের নিখুঁত ব্যবহারে পরিকল্পনাবিদদেরও সম্পৃক্ত করে এগিয়ে যেতে হবে।