খুলনার তিন হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২১, ১২:৪০

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১২ জন, খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। 

রবিবার (২৭ জুন) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেডজোনে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে রেডজোনে ৯৬ জন, আইসিইউতে রয়েছেন ১৯ জন, এইচডিইউতে ২০ এবং ইয়ালোজোনে ২৫ জন ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, বাগেরহাটের কাশিমপুর এলাকার আতিয়ার রহমান মল্লিক (৬৫) ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার অলিউল্লাহ (৬৭)। এখানে চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন রোগী।

খুলনা বিভাগে করোনায় আরও ১৪ জনের মৃত্যু

ছবি: আব্দুল গনি

বেসরকারি গাজী মেডিকেল কলেজের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন-খুলনার নেভিগেট এলাকার সামসুল আলম (৬৩), সাতক্ষীরার পলাশপুর এলাকার আব্দুস সামাদ (৭৫) ও নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মৌলী গ্রামের ঝর্ণা বেগম (৪৬)।

এ হাসপাতালে ৮৮জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে আইসিইউতে ৬ জন ও এইচডিইউতে ৫ জন। এছাড়া হাসপাতালের পিসিআর মেশিনে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শনিবার (২৬ জুন) রাতে খুমেকের পিসিআর মেশিনে মোট ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ২০১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া বাগেরহাটের ৯৩ জন, যশোরের ৮ জন, সাতক্ষীরার ৩ জন, নড়াইলের ১ জন, পিরোজপুরের ১ জন ও ঝিনাইদহের ১ জন রয়েছেন।

ইত্তেফাক/এএএম