মাধব রায়
সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান)
ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজ, সিলেট
অ
গতকালের পর
অনেকের মাথায়ই ঢুকবে না।
ঢুকবেই না, চন্দ্রা বলল। এর জন্যই বিজ্ঞানীরা আইনস্টাইনকে পাগল বলেছিল।
অনেকটা সেরকমই। তবে আপেক্ষিক তত্ত্বের সবচেয়ে সাড়া জাগানো বক্তব্য হলো ভর শক্তি সমতুল্যতা। আইনস্টাইন বলেছেন বস্তুর ভর আর শক্তির মধ্যে কোনও পার্থক্য নেই। একটাকে অন্যটায় পরিবর্তীত করা যায়। এটি তাঁর বিখ্যাত ভর শক্তি সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করেছেন।
সমীকরণটা কী রকম? আকাশ বুঝতে চায়।
সমীকরণটা হচ্ছে, কোনও বস্তু থেকে প্রাপ্ত শক্তি বস্তুর ভর এবং আলোর বেগের বর্গের গুণফলের সমান।
যেমন:যেমন বস্তুর ভর m, বস্তু থেকে প্রাপ্ত শক্তি E, আলোর বেগ C হলে E=mC2। ধর 1 গ্রাম ভরের বস্তু থেকে যদি শক্তি পাওয়া যায়, তবে এর পরিমাণ হবে 9 কোটি মেগাজুল।
এত্ত! অবাক হয়ে বলল আকাশ।
কমলা বললেন, আজকের মতো তোমরা গল্প শেষ করে দাও, বাচ্চারা পড়তে বসবে।
নীলকান্তবাবু বললেন, আচ্ছা।
বিন্দু বলল, না বাবা, আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে মজার কিছু বলো।
নীলকান্তবাবু বললেন, মজার ঘটনা তো অনেক আছে। একবার সায়েন্টিফিক আমেরিকান নামে একটা সংস্থা মোটা অংকের পুরস্কার ঘোষণা করল। তিনহাজার শব্দের মধ্যে আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব যে ভালো করে ব্যাখ্যা করতে পারবে, তাকে দেয়া হবে সেই পুরস্কার। আইনস্টাইন তাতে অংশ নেননি। তিনি বললেন, বন্ধুদের মধ্যে কেবল আমিই অংশ নিইনি। আমার বিশ্বাস হয়নি যে, তিনহাজার শব্দের মধ্যে এটা ভালো করে বোঝাতে পারব।
বিন্দু বলল-আমি পারব।
সবাই হেসে ফেলল। কমলা বললেন-ভালোই বলেছিস।
নীলকান্তবাবু বললেন, একবার আইনস্টাইনকে সফলতা লাভের একটা গাণিতিক সূত্র দিতে বলা হলো, তিনি বললেন, X+Y+Z=Aযেখানে X হচ্ছে কাজ, Yহচ্ছে খেলাধুলা, আর Aহচ্ছে সফলতা। অর্থাত্ কাজ + খেলাধুলা + Z = সফলতা।
কমলা বললেন, আর Z মানে?
Z মানে তোমার মুখ বন্ধ রাখা, আইনস্টাইন বললেন।
কমলা বললেন সুন্দর সমীকরণ তো!
হ্যাঁ, সুন্দর। তুমি তো আবার সমীকরণ পছন্দ করো না, ভয় পাও।
ভয় তো পাই, বললেন কমলা। যা বিদঘুটে সমীকরণ। এরকম সহজ সমীকরণ হলে তো কোনও কথা নেই।
সব সমীকরণ তো সহজ হবে না।
কমলা বাচ্চাদের বললেন, ঠিক আছে, এবার উঠে যাও, বই নিয়ে এসো।
বাচ্চারা সবাই উঠে গেল একে একে। বই নিয়ে আবার আসবে।
নীলকান্তবাবু বললেন-এক পার্টিতে এক তরুণী আইনস্টাইনকে বলল, আপনি কী করেন? সে চিনত না আইনস্টাইনকে। আইনস্টাইন বললেন, আমি পদার্থবিজ্ঞানের ছাত্র। তরুণী অবাক হয়ে বলল-আপনি এখনও ছাত্র! আমি গত বছর পাশ করেছি।
কমলা হাসলেন।
নীলকান্তবাবু আবার বললেন-এক তরুণ সাংবাদিক আইনস্টাইনকে অনুরোধ করে বললেন-আপনি সংক্ষেপে বলুন আপেক্ষিকতা কী। আইনস্টাইন উত্তর দিলেন, যখন একজন লোক কোনও সুন্দরীর সাথে এক ঘণ্টা গল্প করে, তখন তার মনে হয় এক মিনিট বসে আছে। কিন্তু যখন তাকে কোনও গরম চুল্লীর কাছে এক মিনিট দাঁড় করিয়ে দেওয়া হয়, তখন তার মনে হয় সে যেন এক ঘণ্টা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আপেক্ষিকতা।
