‘আজ জীবনের একটি অংশ হারালাম’

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:১৪

 বিনোদন ডেস্ক

 

নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে শুটিং শেষে সম্পাদনার টেবিলে যাচ্ছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘গাঙ্গুবাঈ কটিয়াদি’ সিনেমাটি। সঞ্জয়লীলা বানসালি পরিচালিত এই সিনেমাটির শেষ ধাপের শুটিং গত শনিবার মুম্বাই ফিল্ম সিটিতে শেষ হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে শেষদিনের শুটিংয়ের কয়েকটি ছবি পোস্ট করে আবেগী কিছু কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। আলিয়া লিখেছেন, ‘২০১৯ সালের ডিসেম্বরে কাঙ্ক্ষিত এই সিনেমাটির শুটিং শুরু করেছিলাম এবং ইতি টানতে দু-বার লকডাউন ও দু-বার সাইক্লোনের কবলে পড়ে প্রায় ২ বছর সময় লেগে গেল। এমনকি নির্মাতাসহ বেশ কয়েকজন কলাকুশলী করোনায় আক্রান্ত হওয়ায় শঙ্কাও তৈরি হয়েছিল। এত প্রতিকূলতা না এলে আরো কিছু সিনেমার কাজ আমরা শেষ করতে পারতাম। তবে সিনেমাটি করতে গিয়ে জীবন পরিবর্তন করা অভিজ্ঞতা হয়েছে।’ এছাড়া সঞ্জয়লীলা বানসালির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলিয়া আরো লেখেন, ‘সারাজীবনের স্বপ্ন ছিল বানসালি স্যারের সঙ্গে কাজ করবো। দুই বছর এই সেটে ছিলাম। আজ সেট থেকে চলে যাচ্ছি। দু-বছর আমাকে অনেককিছু শিখিয়েছেন। আপনার মতো কেউ নেই!’ সিনেমাটিতে ভিন্নরূপে দেখা যাবে আলিয়াকে। এর আগে সিনেমাটির ফাস্টলুকে বেশ নজর কাড়েন তিনি। নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘যখন একটি সিনোমর কাজ শেষ হয় তখন জীবনের একটি অংশ শেষ হয়ে যায়। আজ আমি আমার একটি অংশ হারালাম। নিজেকে চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে অনেক পরিশ্রম করেছি। নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি সিনেমাটিতে। আশা করছি দারুণ কিছু হতে যাচ্ছে।’