এক মাসের মধ্যে সীতাকুণ্ডে মাদক নিয়ন্ত্রণের নির্দেশ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৭

এক মাসের মধ্যে মাদক নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয় এমপি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে স্থানীয় সাংসদ দিদারুল আলম এমপি। শনিবার সন্ধ্যা ৭টায় মডেল সীতাকুণ্ড থানা আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি দিদারুল আলম বলেন, ওপেন হাউজ ডে’র অর্থ এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা সরাসরি শোনা। আর এলাকায় যেভাবে ইয়াবা বেড়ে যাচ্ছে, তাতে জনগণ আজ চিন্তার মধ্যে আছে। তাই অনতিবিলম্বে মাদক নির্মূল করার জন্য মডেল থানার প্রত্যেক অফিসারকে প্রতিটি ইউনিয়নে ভাগ করে দিতে হবে। তাদের সহযোগিতা করবে এলাকার চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারবৃন্দ। এক মাসের মধ্যে উপজেলার প্রতিটি এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাশেম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. বদিউল আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, প্রেসক্লাব সেক্রেটারি সৌমিত্র চক্রবর্তী, এছাড়া আরো বক্তব্যে রাখেন,বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান মো. রেহান উদ্দিন রেহান, মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, বাজার কমিটি সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়া, পৌর কাউন্সিলর শপিউল আলম চৌধুরী মুরাদ।

আরো পড়ুন: মরার পরও বাচ্চাকে ফেলে দেননি মা ডলফিন, পিঠে নিয়ে বয়ে চলেছেন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আফজাল হোসেন ও ওসি অপারেশন মো. জাব্বারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করা হয় এবং ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন পর পর কয়েকটি গান পরিবেশনের পর মোট ১৪ হাজার টাকা নগদ পুরস্কার পান।

ইত্তেফাক/বিএএফ