চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হেরাথ

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৩০

 জান-ই-আলম

আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিসিবির সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন। চলতি বছরের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন রঙ্গনা হেরাথ। কাতারের দোহা হয়ে জিম্বাবুয়ে যেতে হবে, গতকাল কলম্বোয় সেই ব্যস্ততায় দিন কাটিয়েছেন লঙ্কান স্পিন কিংবদন্তি। সন্ধ্যার আগে মুঠোফোনে কথা বলেন সাকিব-তাইজুলদের নতুন স্পিন পরামর্শক।

টেস্ট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার হেরাথ। ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট, ৩৪ বার পাঁচ উইকেট, ৯ বার ১০ উইকেট। বল হাতে এমন ঈর্ষন্বীয় সাফল্যের অধ্যায় পেরিয়ে ক্যারিয়ারের নতুন দিগন্তে প্রবেশ করছেন হেরাথ। বাংলাদেশকে দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু হচ্ছে ৪৩ বছর বয়সি লঙ্কানের।

বোলিংয়ের মতোই কোচিংয়ের চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত হেরাথ। গতকাল তিনি বলেছেন, ‘পরিবার, বন্ধু, সতীর্থরা সবাই আমাকে সবসময় সাহায্য করেছে। কোচ, প্লেয়ার যেভাবেই থাকেন আন্তর্জাতিক ক্রিকেটে—আপনাকে চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে। আমি সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমার বিশ্বাস আছে, সবার সমর্থন পেলে কোচিংয়েও ভালো করব। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। কোচিংয়ের চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।’

নিয়োগ পেয়ে বিসিবিকে ধন্যবাদ জানিয়ে হেরাথ বলেছেন, ‘আমার চোখে এটা একটা সুযোগ। বিসিবিকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ায়। বাংলাদেশ-শ্রীলঙ্কা, দুই দেশের মানুষ, সংস্কৃতিতে মিল আছে। এটা আমাকে নতুন অ্যাসাইনমেন্টে সাহায্য করবে আশা করি। মানিয়ে নিতে কষ্ট হবে না।’

আপাতত টি-২০ বিশ্বকাপেই মনোযোগ দিতে চান হেরাথ। গতকাল তিনি বলেছেন, ‘আমাদের সামনে টি-২০ বিশ্বকাপ, প্রস্তুতি নিতে হবে। অনেকগুলো সিরিজ আছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে হোমে সিরিজ। এগুলো ভালো সুযোগ হবে প্রস্তুতির জন্য। স্পিনারদের মধ্যে তাইজুল, মিরাজ, নাঈমরা দলে আছে। ওদের ধারাবাহিক উন্নতির জন্য কাজ করব। আমি মনে করি, বিশ্বাস, চেষ্টা, কাজ ও মানসিকতা ঠিক থাকলে উন্নতি হবে। আমি নিজের অভিজ্ঞতা ওদের সঙ্গে শেয়ার করব। আশা করি, ভালো কিছু হবে।’

বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়বে, এমন আশাবাদও শোনা গেল হেরাথের কণ্ঠে। তবে এখন চুক্তিকালীন সময়ে নিজের সেরাটা দিতে চান তিনি।

সুযোগ পেলে জাতীয় দলের বাইরে তৃণমূলের স্পিনারদের নিয়েও কাজ করবেন এ লঙ্কান গ্রেট। গতকাল বলেছেন, ‘আসলে এখন জাতীয় দলই মূল কাজের ক্ষেত্র আমার জন্য। তাছাড়া করোনার কারণে বাইরে গিয়ে কাজ করা কঠিন হবে। তবে আমার ইচ্ছা আছে, সুযোগ পেলে বাংলাদেশের তৃণমূলের স্পিনারদের নিয়ে কাজ করব।’

এতদিন প্রতিপক্ষ শিবিরের বড় আতঙ্ক হয়ে থাকলেও কাল কাতারের দোহায় তামিম-মুমিনুলদের সঙ্গে কোচ হিসেবেই জিম্বাবুয়েগামী বিমানে চড়বেন হেরাথ।