স্পোর্টস রিপোর্টার
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হারারেতে আগামী ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়েই শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে লড়াই। তিন ফরম্যাটের জন্য আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ। শুরুতেই দেশ ছাড়বে টেস্ট দল। আজ সোমবার দিবাগত রাত ৪টা ২৫ মিনিটে মুমিনুল হকের নেতৃত্বে জিম্বাবুয়ের উদ্দেশ্যে বিমানে চড়বে টেস্ট দল। বিসিবির মিডিয়া বিভাগ থেকে গতকাল জানা গেছে, ১৮ সদস্যের টেস্ট দল কাতারের দোহা হয়ে হারারে যাবে। দোহায় দলের সঙ্গে যোগ দিবেন নতুন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। এরপর ৯ জুলাই ওয়ানডে দলের ক্রিকেটাররা এবং ১৬ জুলাই টি-২০ দলের ক্রিকেটাররা উড়াল দিবেন। টেস্ট দলের বাইরে থেকে ওয়ানডেতে যোগ দেওয়ার মতো ক্রিকেটার থাকবেন ছয় জন। তারা হলেন, নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, সাইফউদ্দিন ও রুবেল হোসেন। শুধু টি-২০ খেলতে যাবেন পাঁচ ক্রিকেটার। তারা হচ্ছেন, সৌম্য সরকার, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও শামীম হোসেন।
