স্পোর্টস রিপোর্টার
মোহামেডান-আবাহনী ফুটবল ম্যাচ। করোনার কারণে দর্শকদের মাঠে ঢুকতে দেওয়া হলো না। অথচ টিভিতে দেখার ব্যবস্থাও করল না বাফুফে। দেশের শীর্ষ দুই দলের লড়াই দেখা হতে এবারই প্রথম বঞ্চিত হলো দর্শক। ফুটবলের ইতিহাসে এমন ঘটনা নেই যে মোহামেডান-আবাহনী খেলাটা দেখার সুযোগ হয়নি আগে।
১৯৮৭ সালে মোহামেডান-আবাহনী এরশাদ আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছিল। শিরোপা নির্ধারণী রিপ্লে ম্যাচটি বিটিভিতে সম্প্রচার করা হয়েছিল। দর্শক টিভির পর্দায় হুমড়ি খেয়ে পড়েছিল সেদিন। আর এই আধুনিক যুগে এসে টিভিতেও খেলা সম্প্রচারের উদ্যোগ গ্রহণ করতে পারেনি। কেন দর্শকদের জন্য খেলা সম্প্রচার করা হলো না, সে কথাটা জানানোরও প্রয়োজন মনে করেনি বাফুফের সাধারণ সম্পাদক। বাফুফের একাধিক সূত্রের দাবি সাধারণ সম্পাদক মনে করেন না যে মোহামেডান-আবাহনী ম্যাচ নিয়ে এখন আর দর্শকের আগ্রহ আছে। তাই হয়তো সম্প্রচারের বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন। জানতে চাইলেও ফোন ধরেননি আবু নাঈম সোহাগ। অন্য কাউকে বলে দেওয়া হয় উনি মিটিংয়ে রয়েছেন। সব সময় মিটিংয়েই থাকেন।
