বুধবার পর্যন্ত ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন চলতি নিয়মে

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ রোধে সরকারঘোষিত লকডাউনের মধ্যেও আগামী বুধবার পর্যন্ত চলতি নিয়মেই ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন হবে। বর্তমানে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হচ্ছে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকে বিকাল ৫টা পর্যন্ত। আর শেয়ারবাজারের লেনদেন শুরু হয় সকাল ১০টা থেকে। লেনদেন চলে বেলা আড়াইটা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। এ প্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বর্তমান নিয়মেই বুধবার পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। সরকার এবং বাংলাদেশ ব্যাংক যদি নতুন করে কোনো প্রজ্ঞাপন জারি করে, তবে সেই নিয়ম অনুসারে লেনদেনের সময় নির্ধারণ করা হবে।