পানের ভালো ফলনে চাষির মুখে হাসি

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫০

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা

মনোহরদীতে পানের ভালো ফলন হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রামের পান বরজগুলো ঘুরে দেখা গেছে, গত কয়েক বছরের মধ্যে এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় গ্রামের প্রায় সব পান বরজে ফলন ভালো হয়েছে। স্থানীয় পানচাষি শহিদুল্লা বলেন, তিনি ২০ শতক জমিতে পান চাষ করেছেন। ফলন ও দাম ভালো থাকায় খরচ বাদে তিনি লাখ টাকার বেশি আয় করবেন। মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, উপজেলার খিদিরপুর, লেবুতলা ও দৌলতপুর ইউনিয়নে ৩০০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। প্রতি হেক্টরে উত্পাদন ৩০ টন।