চরফ্যাশনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫২

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

চরফ্যাশনের বেতুয়া প্রশান্তি পার্ক, জ্যাকব টাওয়ার এবং শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। কিন্তু করোনার এ ঊর্ধ্বমুখিতায় বিনোদনকেন্দ্রগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রতিদিন বিকালে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মুখে মাস্ক ছাড়াই বিনোদনকেন্দ্রগুলোতে জনতার ঢল নামছে। শনিবার সন্ধ্যায় এসব বিনোদনকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।  বেতুয়া প্রশান্তি পার্ক এলাকার বাসিন্দা মহসিন জানান, উপজেলা সদরে জ্যাকব টাওয়ার এবং শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক খোলা থাকলেও বেতুয়া প্রশান্তি পার্কটি নদীর তীরে হওয়ায় মোটরসাইকেল, রিকশা ও মাইক্রোবাসযোগে দর্শনার্থীরা পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসেন। দর্শনার্থী শাহিনা বেগম বলেন, বাড়ি থেকে মাস্ক নিয়ে বের হয়েছি। নদী তীরের বিশুদ্ধ বাতাস গ্রহণের জন্য মাস্ক ভ্যানিটি ব্যাগে রেখেছি। যাওয়ার সময় পরব।  চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ জানান, প্রশাসনের সঙ্গে আলাপ করে স্বাস্থ্যবিধি মেনে বিনোদনকেন্দ্রগুলো চালানো হবে। না হয় বন্ধ করে দেব।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহল আমিন জানান, বিনোদনকেন্দ্রগুলো যে খোলা রয়েছে তা আমার জানা নেই। মেয়রের সঙ্গে এ বিষয়ে কথা বলব।