বিভিন্ন পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫৩

ইত্তেফাক ডেস্ক

গতকাল কয়েকটি পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

মাগুরা:মাগুরা পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ১৪৬ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষিত হয়েছে। রবিবার দুপুরে পৌর মিলনায়তনে মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল এ বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। সভাপতিত্ব করেন পৌর প্যানেল মেয়র-১ মকবুল হাসান মাকুল। ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১৪ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকা। প্রকল্প আয় ধরা হয়েছে ১৩০ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার টাকা।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পীরগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৬ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৯৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার পৌর অডিটোরিয়ামে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৭০ হাজার ৯৪১ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৫ লাখ টাকা। পাশাপাশি রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১৭৪ টাকা। উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৫ লাখ টাকা।

সিংড়া (নাটোর) :সিংড়া পৌরসভার ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার পৌরসভার হলরুমে সিংড়া পৌরসভার সচিব মো. আব্দুল মতিন ২৪ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৮৭৩ টাকার বাজেট পেশ করেন। বক্তব্য রাখেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, সহসভাপতি খলিল মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের জন্য ১৯ কোটি ৩৯ হাজার ৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার বিকালে পৌর চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট পেশ করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ রাজস্ব খাতে আয় ৫ কোটি ৩৫ হাজার ৯০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬২ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা।

মেলান্দহ (জামালপুর) :মেলান্দহ পৌরসভার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। রবিবার বিকালে পৌর কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন। বাজেটে ৪৪ কোটি ৭৭ লাখ ৫ হাজার ৯০০ ৮৮ টাকা আয়, ৩৯ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৩৬৭ টাকা ব্যয় এবং ৪৮ লাখ ৯ হাজার ৬২১ টাকার স্থিতি দেখানো হয়েছে।