সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫৪

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় বিষধর সাপের কামড়ে নিরব (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাতে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মৃত নিরব তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের মো. রাসেলের ছেলে ও জাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। মৃতের বাবা রাসেল মিয়া জানান, শনিবার দুপুরে বাড়ির বাইরের গোসলখানায় নিরব গোসল করে ভেজা প্যান্টটি মেঝেতে ফেলে রেখে এসেছিল। কিছুক্ষণ পর ভেজা প্যান্টটি উঠাতে গেলে তার ডান হাতে সাপে কামড় দেয়। এরপর বিভিন্ন জায়গায় ওঝা-কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁক আর পান পড়া খাইয়ে অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক নিরবকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার বলেন, হাসপাতালে আনার আগেই সাপের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।