চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম সিটি করপোরেশন ২০২১-২২ অর্থবছরের জন্য ২ হাজার ৪৬৩ কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন। গতকাল রবিবার নগরী থিয়েটার ইনস্টিটিউট হলে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এই বাজেট ঘোষণা করেন। নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা প্রতিফলনের লক্ষ্যে নগরীকে পরিবেশ, প্রযুক্তি, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও বসবাসযোগ্য করার স্বপ্ন নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে বলে মেয়র উল্লেখ করেন। এবার বাজেটে উন্নয়ন অনুদান খাতে ১ হাজার ৫৭০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অধিবেশনের বাজেট উপস্থাপন করেন অর্থ ও সংস্থাপনবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. ইসমাইল।
মেয়র বলেন, ২০২১-২২ অর্থবছরে পৌরকর ও ট্রেড লাইসেন্স শতভাগ অনলাইনের আদায়/প্রদান করা সম্ভব হবে। যান্ত্রিক শাখার সব কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার জন্য ট্রান্সপোর্ট পুল ম্যানেজমেন্ট সিস্টেম প্রণয়ন করা হয়েছে। ইতিপূর্বে প্রণীত স্টোর ম্যানেজমেন্ট ও ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে এই সফটওয়্যারের ইন্টিগ্রেশন করা হয়েছে। সম্পত্তি ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে করার উদ্যোগ নেওয়া হয়েছে। হোল্ডিং মালিক ও ব্যবসায়ীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, ভূমি হস্তান্তর কর, রিকশা লাইসেন্স ফি, বিজ্ঞাপন কর, মার্কেটের দোকান ভাড়া ইত্যাদি চলতি অর্থবছরের মধ্যে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আদায়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
