ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর শেওড়ায় একটি নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে নিচে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মো. নাসির নামের ২২ বছর বয়সি ঐ যুবক কুড়িগ্রাম জেলার অলিপুর থানার চর দুর্গাপুর গ্রামের সলিমউদ্দিনের ছেলে। ঢাকার শেওড়া লিচুবাগান এলাকায় একটি ভবন নির্মাণের কাজে তিনি যুক্ত ছিলেন।
ঐ ভবনের ঠিকাদার মো. মাসুদ রবিবার সকালে নাসিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
ঠিকাদার মাসুদ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে ভবনের তিনতলায় শাটারিং খোলার সময় ‘অসাবধানতাবশত’ নিচে পড়ে যান নাসির। আহত অবস্থায় তাকে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে এবং পরে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসি। তখন চিকিত্সক জানান, নাসির মারা গেছেন। ময়নাতদন্তের জন্য নাসিরের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পরিদর্শক বাচ্চু জানিয়েছেন।’
