সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
জেলার সিরাজদিখান উপজেলার ৫ নম্বর বাসাইল ইউনিয়ন পরিষদের ভবনটি প্রায় শতবর্ষের পুরোনো। ভবনের জানালা-দরজা ভাঙা। ছাদের রড বের হয়ে মরিচা ধরে ক্ষয় হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলে ছাদের পানি চুয়ে নিচে পড়ে সব ভিজে যায়। ভবনের ছাদের একাংশ কয়েক দিন আগে ধসে পড়েছে। ফ্লোরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন প্রায় ৩০ বছর পূর্বে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও ভবনের অভাবে পরিষদের কার্যক্রম ঐ ভবনেই চলছে। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ছাদ ভেঙে পড়ার সময় বাহিরে ছিলাম। পরিষদের অনেক মেম্বার ও লোকজন ছিল। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। বর্তমানে পরিষদে সেবা নিতে আসা অনেকেই ভয়ে ঐ ভবনে প্রবেশ করতে ভয় পায়।
