গাজীপুরে আগুনে পুড়ল ঝুটের ১০টি গুদাম

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫৮

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ১০টি ঝুটগুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঐ গুদামগুলোতে থাকা ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। রবিবার সকালে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, কোনাবাড়ী আমবাগ মিতালী ক্লাব এলাকায় কয়েকটি ঝুটগুদামে সকাল ৭টার দিকে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কাশিমপুর ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভায়। তাত্ক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।