‘নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে শুল্ক কমানোর উদ্যোগ’

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

করোনা মহামারিতে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য সরকার বিভিন্ন আমদানিনির্ভর পণ্যের শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সরকারের কঠোর পদক্ষেপের কারণে করোনার মধ্যেও সব নিত্যপণ্যের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রয়েছে।

গতকাল রবিবার কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে অনলাইনে আয়োজিত জেলা-উপজেলা ভোক্তা প্রতিনিধি সম্মেলন-২০২১ এবং                ভোক্তা অধিকার শক্তিশালীকরণ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন থাকতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভোক্তার অধিকার নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। বাজার অভিযান জোরদার করার পাশাপাশি একচেটিয়া বাণিজ্য বন্ধ এবং ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করা হয়েছে।

গতকাল সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান। ক্যাবের সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ড. আব্দুল আলীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া।