ডিবেট ফর ডেমোক্রেসির
ছায়া সংসদ
ইত্তেফাক রিপোর্ট
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আমাদের এখন প্রয়োজন দুর্নীতির লাগাম টেনে ধরা। শনিবার রাজধানীর তেজগাঁওস্থ এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেট’ নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
কৃষিমন্ত্রী বলেন, শিক্ষা, মাতৃমৃত্যু হ্রাস, স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারত থেকে এগিয়ে। বাংলাদেশের প্রবৃদ্ধিকে ছুতে পাকিস্তানের আরো কমপক্ষে ১২ বছর সময় লাগবে।
ছায়া সংসদ অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী কিরণ ১০ দফা সুপারিশ প্রদান করেন। এর মধ্যে রয়েছে, সামাজিক সুরক্ষা খাতে নগদ ভাতাভোগী হতদরিদ্রদের বরাদ্দ বৃদ্ধি করে ১ হাজার ৫০০ টাকা করা। প্রস্তাবিত বাজেটে ১ কোটি ২২ লাখ ৮১ হাজার জনগোষ্ঠীকে নগদ ভাতা প্রদানের কথা বলা হয়েছে; যা বাড়িয়ে কমপক্ষে ২ কোটিতে উন্নীত করা। ৫০ লাখ হতদরিদ্রদের জন্য ঘোষিত নগদ প্রণোদনার আওতা বাড়িয়ে ১ কোটিতে বৃদ্ধি করা।
প্রতিযোগিতায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে পরাজিত করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।
