ফাঁসির রায় বাতিল করে স্বামীকে খালাস

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫৯

স্ত্রী হত্যা মামলা

ইত্তেফাক রিপোর্ট

বরিশালে স্ত্রী হত্যার দায় থেকে স্বামী মোস্তফা সরদারকে খালাস দিয়েছে হাইকোর্ট। নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে তাকে খালাস দেয় আদালত। ডেথ রেফারেন্স খারিজ এবং আসামির আপিল মঞ্জুর করে বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ রায় ঘোষণা করে।

আদালতে আসামিপক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ শুনানি করেন। শিশির মনির জানান, সকল বিষয় বিচার বিশ্লেষণ এবং চিকিত্সা সনদপত্র অনুসারে কোহিনুর আত্মহত্যা করেছেন বলে প্রতীয়মান হয়। তাই তার স্বামীকে খালাস দিয়েছে আদালত।

স্ত্রী কোহিনুরকে হত্যার দায়ে ২০১৫ সালের ৮ অক্টোবর বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালত মোস্তফাকে মৃত্যুদণ্ড দেয়। মোস্তফা বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকার মৃত হাতেম আলী সরদারের ছেলে। আইন অনুযায়ী এ মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। ফাঁসির রায় বাতিল চেয়ে আপিল করেন আসামি।

গৌরনদীর কসবা এলাকার বাসিন্দা আসমত আলীর মেয়ে কোহিনুরের সঙ্গে একই এলাকার বাসিন্দা মোস্তফার বিয়ে হয়। তাদের সংসারে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। হত্যাকাণ্ডের দুই মাস আগে মোস্তফা একই এলাকার লাল মিয়ার স্ত্রী বুলু বেগমকে বিয়ে করেন। এ নিয়ে সৃষ্টি হয় পারিবারিক কলহ। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি মোস্তফা সরদারের চৌচালা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কোহিনুরের মৃতদেহ উদ্ধার করা হয়।