সেই চেয়ারম্যানকে তালাক দিয়ে প্রেমিকের কাছে ফিরল কিশোরী

আপডেট : ২৭ জুন ২০২১, ২২:৫০

বাউফলের সেই বহুল আলোচিত সালিশ বৈঠকের বিয়ে নবদম্পতির বাসর ঘরে যেতে না যেতেই ভেঙে গেল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ষাটোর্ধ্ব বরকে মেনে নিতে পারেনি সেই কিশোরী। তাই বিয়ের পরদিন কিশোরী নিজেই তালাক দিয়েছে। যে কাজি বিয়ে পড়িয়েছেন তার মাধ্যমেই তালাক দিয়ে পরিবারের কাছে ফিরে গেছে মেয়েটি। ঘটনাটি এখন এলাকার মানুষের মুখেমুখে। তালাক দেওয়ার বিষয়টি কিশোরী ও তার বাবা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত স্কুলপড়ুয়া ঐ কিশোরী প্রেমের টানে এক তরুণের হাত ধরে বাড়ি ছেড়েছিল। কিশোরীর বাবা বিষয়টি জানতে পেরে বিচার দিয়েছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন হাওলাদারের কাছে। চেয়ারম্যান সালিশ বৈঠকে কিশোরীকে দেখে পছন্দ করেন এবং ঐ বৈঠকেই কাজি ডেকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। কিশোরী জানায়, চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম পছন্দের  মানুষকে বিয়ে করতে। কিন্তু ঐ সময় যে কারণেই হোক বিয়ে করতে হয়েছে চেয়ারম্যানকে। আমি কোনোভাবেই স্বামী হিসেবে চেয়ারম্যানকে মেনে নিতে পারিনি। চেয়ারম্যান তা বুঝতে পেরে নিজেই তালাকের ব্যবস্থা  করেন।

এদিকে চেয়ারম্যানের সঙ্গে বিয়ের কথা শুনে কিশোরীর প্রেমিক আত্মহত্যার চেষ্টা করে অচেতন হয়ে পড়ায় তাকে উদ্ধার করে স্থানীয়রা বাউফল হাসপাতালে নিয়ে যায়।