হঠাত্ বিস্ফোরণে আগুন নিহত ৬,অর্ধশত দগ্ধ

আপডেট : ২৭ জুন ২০২১, ২২:৫৩

রাজধানীর মগবাজারে গতকাল রবিবার রাতে হঠাত্ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ সৃষ্ট আগুনে ঝলসে ৬ জন মারা গেছেন এবং অন্তত অর্ধশত মানুষ দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জনকে ভর্তি করা হয়েছে। নিহত ছয়জনের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ ১৪টি ইউনিট কাজ করছে।

এদিকে বিস্ফোরণটি মগবাজার প্লাজার সামনে ঘটলেও কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের কারণে এটা ঘটেছে, আবার কেউ বলছেন ভবনের এসির বিস্ফোরণে এটা ঘটেছে। তবে অনেকেই বলেছেন এটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে ঘটেছে। তবে প্রকৃত ঘটনা কী তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে মগবাজার প্লাজার সামনে হঠাত্ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে পথচারীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। আশপাশের আগুনের শিখায় কয়েকটি গাড়ি পুড়ে যায়। এসময় গাড়িতে থাকা অনেক যাত্রী আহত ও দগ্ধ হন। আশপাশের মানুষ বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে এসে আহত ও দগ্ধদের উদ্ধারের চেষ্টা করেন। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, পরে আরো ৫ টি ইউনিট যায়। একই সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় দগ্ধদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। এসময় ৬ জনকে কর্তব্যরত চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। 

জানতে চাইলে গতকাল রাত ১০টার দিকে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম আজম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। এখানে অর্ধশতাধিক আহতের খবর পাচ্ছি। তবে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছি না। ’