গাংনীতে মুক্তিপণের দাবিতে শ্বাসরোধে শিশু হত্যা

আপডেট : ২৭ জুন ২০২১, ২২:৫৭

মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে মুক্তিপণের দাবিতে আবির হোসেন (১২) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত শিশু আবির হোসেন পার্শ্ববর্তী আলমডাঙ্গা উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের প্রবাসী আসাদুল হকের ছেলে। তার বাবা বিদেশে থাকার সুবাদে ছোটবেলা থেকেই মিনাপাড়া গ্রামে তার নানা রেজাউল হকের বাড়িতে মায়ের সঙ্গে থাকত। আবির স্থানীয় মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে গাংনী থানার পুলিশের একটি দল সন্দেহভাজন হত্যাকারীদের তথ্যের ভিত্তিতে গ্রামের মাঠের একটি ধনিচাখেত থেকে আবিরের হাতবাঁধা লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আবির নিখোঁজ হয়। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত কোথাও আবিরের খোঁজ না পেয়ে পরিবারে হতাশা নেমে আসে। একপর্যায়ে গ্রামের একজন প্রত্যক্ষদর্শী জানান, আবিরকে স্কুল ফিল্ড থেকে নুহু মেম্বরের ছেলে ও অন্যজন মোটরসাইকেলে করে বিকেলে নিয়ে যেতে দেখেছে। এরই সূত্র ধরে সন্দেহভাজন দুর্বৃত্তদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিখোঁজের কারণ জানা যায়। পরে স্থানীয় ক্যাম্পের পুলিশ, গাংনী থানার পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা নানাভাবে জিজ্ঞাসাবাদের পর তারা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি দেয়। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় তার নানা রেজাউল হক ও মা রোজিনা খাতুন।

 এ ঘটনায় মিনাপাড়া গ্রামের নুহু মেম্বরের ছেলে হামিম হোসেন ওরফে নূর (১৫) ও একই গ্রামের মিরাজুল ইসলামের ছেলে মুজাহিদকে (১৫) আটক করা হয়েছে। এরা দুজনই স্থানীয় মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এরা বখাটে এবং মাদকাসক্ত। এদের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত করা, চুরি এবং নানা অপকর্মে জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে। 

পারিবারিক সূত্রে আবিরের ছোট নানা জহুরুল ইসলাম  জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই আবিরের মোবাইল ফোন থেকে একটি অপহরণকারী দল তার মা ও বাবার মোবাইল ফোনে কল করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা মুক্তিপণ পেতে প্রবাসী আসাদুলের সঙ্গে অগোছালোভাবে মোবাইল ফোনে  কথা বলে, যেটা ফোনের কল রেকর্ড থেকে পাওয়া গেছে।