করোনার টিকা সরবরাহ ব্যবস্থায় বিশ্ব রাজনীতির প্রভাব আছে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ জুন ২০২১, ০০:৩১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা ভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থায় বিশ্ব রাজনীতির প্রভাব আছে। এ কারণে ভ্যাকসিন কেনার বিষয়টি সবার জন্য সহজলভ্য হবে বলে মনে হয় না। গতকাল রবিবার এক ওয়েবিনারে তিনি বলেন, আমরা বিস্ময় ও হতাশার সঙ্গে লক্ষ্য করেছি যে, বিশ্ব রাজনীতি ও শক্তিশালী জোটগুলো বিশ্ব সমাজে অত্যধিক আধিপত্য বিস্তার করছে। ‘দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তায় সমসাময়িক চ্যালেঞ্জ’ শীর্ষক এই ওয়েবিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)। এতে কূটনীতিক, শিক্ষাবিদ ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, প্রতিবেশী দেশগুলোতে হঠাত্ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ভ্যাকসিনপ্রাপ্তির বিষয়টি জরুরি হয়ে পড়েছে। আমরা জনসাধারণের জন্য ভ্যাকসিন চাইছি। সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন উত্পাদনের জন্য এর প্রযুক্তি সব দেশের কাছে উন্মোচন করা উচিত।