আরো ১ লাখ ৭৯ হাজার খামারি পেলেন প্রণোদনা

আপডেট : ২৮ জুন ২০২১, ০০:৩১

করোনায় ক্ষতিগ্রস্ত খামারিরা যাতে সহজে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য দ্বিতীয় ধাপে ২১৬ কোটি ৮৬ লাখ টাকা নগদ প্রণোদনা দিয়েছে সরকার। এ ধাপে ১ লাখ ৭৯ হাজার ২১ জন খামারি এই প্রণোদনার টাকা পাবেন। গতকাল রবিবার রাজধানীর ফার্মগেটস্থ প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রণোদনা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত মত্স্য ও প্রাণিসম্পদ খাতকে টিকিয়ে রাখার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ দুটি খাতকে কীভাবে সম্প্রসারিত করা যায় সেজন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, আশা করি, এ প্রণোদনা দিয়ে খামারিরা ঘুরে দাঁড়াতে পারবেন।

এর আগে প্রথম ধাপে ৪ লাখ ৭৬ হাজার ৮১ জন খামারিকে ৫৫৭ কোটি ৩৮ লাখ ২০ হাজার ৭৪  টাকা নগদ প্রণোদনা দেওয়া হয়। মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ।