সাইফের তৃতীয় জয়

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৯

স্পোর্টস রিপোর্টার

মোহামেডানকে হারানো ব্রাদার্সের আনন্দে জল ঢেলে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগের খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। জয় পেয়েও খুব একটা খুশি না সাইফ স্পোর্টিং ক্লাব। অন্যদিকে ব্রাদার্স তো অখুশিই।

সাইফের অসন্তুষ্টি তাদের খেলোয়াড়রা নার্ভাস হয়ে যায়। একমাত্র জামাল ভুইয়া ছাড়া বাদবাকি সবই প্রায় নতুন। এই সব ফুটবলার দিয়ে ১০০ ভাগ খেলাটা আদায় করতে পারছেন না দলের ব্রিটিশ কোচ জোনাথন ম্যাককিনস্ট্রি। খেলা শেষে বলছিলেন আমি বুঝি না কেন ওরা নার্ভাস হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় ফুটবল খেলতে নেমে ওরা টেনিস খেলছে। ব্রাদার্স নিয়ে কোচ বললেন, ‘ওরা কঠিন দল। নতুন কোচ এসে ব্রাদার্সকে গড়ে তুলেছে। খুব গুছিয়ে খেলেছে।’

সাইফ স্পোর্টিং ২-১ গোলে এগিয়ে থাকার পরও ব্রাদার্স যেভাবে আক্রমণ করে সাইফকে গোলপোস্টের ঘরে ভিড়িয়ে দিয়েছিল তাতে গোল হজম করলেও কিছু করার থাকত না। ভয়ে আছেন সাইফের কোচ বুঝতে পারছেন লিগটা এবার কঠিনই হবে। ময়মনসিংহে গিয়ে আরামবাগের কাছে হেরে ঢাকায় ফিরেছে সাইফ। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্সকে হারিয়ে সাইফ যেন একটা স্বস্তিতে। কোচ বলছিলেন এখনো তার ছেলেরা ৬০-৭০ পারসেন্টের বেশি খেলতে পারছেন না। এটা ঠিক হয়ে যাবে। তবে কঠিন পথ পাড়ি দিতে ঘাম ঝরাতে হবে সাইফকে সেটাও খেলা শেষে জানিয়েছেন কোচ।

ব্রাদার্স খুব হতাশ কারণ তারা আঙুল তুলেছে রেফারি নাহিদের দিকে। ব্রাদার্সের কোচ সৈয়দ নাইমুদ্দিন জানালেন, ‘আমরা ফেভার চাই না। আমরা চাই নিরপেক্ষ রেফারিং।’ ম্যানেজার আমের খান বলছিলেন যে ফাউলের কারণে আমাদের বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হলে সেই একই ফাউল সাইফও করেছে। তখন আর পেনাল্টি দেওয়া হয়নি।’ ব্রাদার্সের কর্মকর্তা  মহিউদ্দিন মুহি কোচ নাইমুদ্দিনকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিলেন হতাশ না হওয়ার জন্য। কোচ তখন বলছিলেন তার দল অনেক সুযোগ পেয়েও গোল শোধ করতে পারেনি।

১১ মিনিটে ইয়াসিন আরাফাতের কর্নার হতে কলম্বিয়ান ফুটবলার আন্দ্রেস কর্ডোভা হেড করেন ১-০। ২৭ মিনিটে আত্মঘাতী গোলে ব্রাদার্স সমতা আনে ১-১। ৬০ মিনিটে রাশিয়ান ফুটবলার ড্যানিস বলসকভের গোলে জয় পায় সাইফ ২-১। চার খেলায় ৯ পয়েন্ট সাইফের।

আজকের খেলা

মোহামেডান ও শেখ রাসেল

৩টা, সিলেট স্টেডিয়াম।

নোফেল ও মুক্তিযোদ্ধা।

৩টা, শহীদ ভুলু স্টেডিয়াম, নোয়াখালী।