জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ অর্থবছরের জন্য ২৬৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট পাশ করা হয়েছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক বিশেষ সভায় এ বাজেট পাশ হয়।
বাজেটে গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৫০ শতাংশ। তবে গত বছর গবেষণা খাতে বাজেট ছিল ৩ কোটি টাকা। সে অনুযায়ী গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে ১ কোটি টাকা। এ ছাড়া বাজেটে শিক্ষক বেতন ও বিভাগ খরচ খাতেও বরাদ্দ বেড়েছে ২৫ লাখ ৩০ হাজার টাকা। বাজেটে আয় হিসেবে দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রাপ্ত ২৩৭ কোটি ৭৪ লাখ টাকা, যা মূল বাজেটের প্রায় ৮৯ দশমিক ৩০ শতাংশ। এছাড়া নিজস্ব খাতে আয় দেখানো হয়েছে ২৮ কোটি ৫০ লাখ টাকা, যা মূল বাজেটের ১০ দশমিক ৭০ শতাংশ।
