রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সর্বস্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য নিশ্চিত করার শর্ত তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন এই দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপির সই করা এক চিঠিতে এই পরামর্শ দেওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বরাবর দেওয়া এই চিঠির কপি দলটির পক্ষ থেকে গতকাল গণমাধ্যমেও পাঠানো হয়েছে। এর আগে ৭ জুন ইসির পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে এই শর্ত পূরণের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। চিঠি পাওয়ার ৩০ দিনের মধ্যে নিজ দলের বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে বলা হয়েছিল।
বিকল্পধারার পক্ষ থেকে নিবন্ধনের শর্ত পালনের বিষয়ে বলা হয়, ২০২০ সালের মধ্যে কেন্দ্রীয় কমিটিসহ অন্য সব কমিটিতে ৩৩ শতাংশ পদে নারী নেতৃত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি। এর কারণ হিসেবে তারা ছয়টি যুক্তি তুলে ধরে জানায়, ৩৩ শতাংশ নারী নেতৃত্ব পূরণের শর্ত পালন বাস্তবতার নিরিখে কোনোভাবেই সম্ভব নয়। কাজেই রাজনৈতিক দলের নিবন্ধনের এই শর্ত বাতিল হওয়া উচিত বলে বিকল্পধারা বাংলাদেশ বিশ্বাস করে।
