সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা বেসরকারি সংস্থার (এনজিও) হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাবকে ‘আত্মঘাতী ও ষড়যন্ত্রমূলক’ বলে মনে করছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল রবিবার দলটির পলিটব্যুরোর সভায় এই মত প্রকাশ করা হয় বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে পলিটব্যুরোর ভার্চুয়াল সভায় বলা হয়, আমলাতন্ত্র কায়েমি স্বার্থ বাস্তবায়নের সুদূরপ্রসারী লক্ষ্যে এই চক্রান্ত সাজিয়েছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ধুয়া তুলে সরকারের এই তুঘলকি সিদ্ধান্ত অবৈজ্ঞানিক এবং জনগণকে বোকা বানানোর শামিল। করোনা মহামারি আমাদের স্বাস্থ্য খাতের দুরবস্থা, অব্যবস্থাপনা, দুর্নীতি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। তাই স্বাস্থ্য ব্যবস্থাপনার আমূল সংস্কার প্রয়োজন এবং স্বাস্থ্য খাতের সেবার মান বাড়াতে প্রয়োজনীয় বরাদ্দ বাড়াতে হবে। সরকারি হাসপাতালগুলো মানোন্নয়নের নামে নতুন বেনিয়াদের হাতে তুলে দেওয়া হলে স্বাস্থসেবা জনগণের নাগালের বাইরে চলে যাবে। তাই এই প্রস্তাব অপরিণামদর্শী ও অগ্রহণযোগ্য।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার উপস্থাপনায় সভায় করোনা ভাইরাস মহামারি পরিস্থিতি, ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ ও সরকারি হাসপাতাল এনজিওদের কাছে তুলে দেওয়ার বিষয়ে আলোচনার পর পলিটব্যুরোর সদস্যরা প্রস্তাব গ্রহণ করেন।
