ব্রিটেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন সাজিদ জাভিদ

আপডেট : ২৮ জুন ২০২১, ০০:৩৩

ব্রিটেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। সহকর্মীকে চুমু খেয়ে সমালোচনার মুখে ম্যাট হ্যানকক স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর দায়িত্ব পান সাজিদ জাভিদ। রানি দ্বিতীয় এলিজাবেথও তার নিয়োগ অনুমোদন করেছেন। খবর বিবিসি ও আলজাজিরার

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, সাবেক চ্যান্সেলর সাজিদ জাভিদকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথও তার নিয়োগে অনুমোদন দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। চ্যান্সেলর হিসেবে পদত্যাগ করার ১৬ মাস পর আবার মন্ত্রিসভায় ফিরলেন জাভিদ। সহকর্মীর দলকে পদচ্যুত করতে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশে অস্বীকৃতি জানিয়ে পদত্যাগ করেছিলেন তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জাভিদ। সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা জাভিদ বলেছেন, তিনি এই কঠিন সময়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় সম্মানিতবোধ করছেন। সরকার জানিয়েছে, সহকর্মীকে চুমু খাওয়ার ছবি কীভাবে গণমাধ্যমের কাছে এলো তার তদন্ত করা হবে।

হ্যানকক এবং জিনা কোলাড্যাঙ্গেলোর ছবি ব্রিটিশ দৈনিক সানে প্রকাশিত হওয়ার পরই পদত্যাগের চাপ বাড়ছিল। পত্রিকাটি বলেছে, গত ৬ মে স্বাস্থ্য দপ্তরের ভেতরে ছবিগুলো তোলা হয়। কিছু খবরের কাগজ বলছে, হ্যানকক তার স্ত্রী মার্থার সঙ্গে ১৫ বছরের সম্পর্কের অবসান ঘটিয়েছেন। টোরি এবং লেবার পার্টির বেশ কয়েক জন এমপি তাকে পদচ্যুত করার আহ্বান জানিয়েছিলেন। টোরি পার্টির একজন বয়জ্যেষ্ঠ সদস্য বিবিসিকে বলেছেন, বহু এমপি শনিবার হুইপকে বলেছেন যে হ্যানককের পদত্যাগ করা উচিত। ১০ নম্বর ডাউনিং স্ট্রিট বলেছে, পদত্যাগের সিদ্ধান্ত একান্তই হ্যানককের ছিল এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের চাপ ছিল না।