যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন নীতির কড়া সমালোচনা করেছেন। স্থানীয় সময় শনিবার ওহাইওতে এক সমাবেশে ট্রাম্প এই সমালোচনা করেন। হোয়াইট হাউজ ছাড়ার পর এই প্রথম কোনো সমাবেশে বক্তব্য দিলেন ট্রাম্প। খবর রয়টার্সের
সমাবেশে ট্রাম্প আবারও দাবি করেন, গত প্রেসিডেন্ট নির্বাচনে তাকে প্রতারণার মাধ্যমেই হারানো হয়েছে। আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যে ২০২৪ সালে তৃতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন সেই ইঙ্গিতও দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা দুই বার নির্বাচনে জয় পেয়েছি। তৃতীয় বারেও আমাদেরকে জিততে হবে। এটা সম্ভব’। ট্রাম্প ২০১৬ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে জয় পান। তবে ২০২০ সালে তিনি জো বাইডেনের কাছে হারেন; কিন্তু নির্বাচনের পরও তিনি তার জয় দাবি করে আসছেন। ২০২৪ সালে প্রার্থী হওয়ার কথা বললেও এরই মধ্যে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার চিন্তা চলছে। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানিয়েছে, নিউ ইয়র্কে ট্রাম্পের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হচ্ছে। ট্রাম্প বলেন, আমাদের সীমান্ত দিয়ে লাখ লাখ মানুষ প্রবেশ করছে; কিন্তু তারা কারা সেটা আমরা জানি না। তিনি বলেন, ‘আমরা যা করেছিলাম, তার বিপরীত কাজ করছেন প্রেসিডেন্ট জো বাইডেন’। বাইডেনের হোয়াইট হাউজ বলছে, ট্রাম্পের অভিবাসন নীতি ছিল অমানবিক।
