জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু কাল

আপডেট : ২৮ জুন ২০২১, ০০:৩৪

২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু হচ্ছে আগামীকাল। বিভিন্ন মাধ্যমের ৩২৩ জন শিল্পীর ৩৪৭টি শিল্পকর্ম স্থান পাবে এই প্রদর্শনীতে। এর মধ্যে চিত্রকলা ১৫৭টি, ছাপচিত্র ৫৩টি, আলোকচিত্র ১৭টি, ভাস্কর্য ৪৭টি, প্রাচ্যকলা ১০টি, মৃত্?শিল্প ৭টি, কারুশিল্প ২০টি, গ্রাফিক ডিজাইন ৫টি, স্থাপনাশিল্প ১৮টি, নিউ মিডিয়া আর্ট ৭টি, পারফরম্যান্স আর্ট ৬টি স্থান পাবে।

জাতীয় চিত্রশালার ১, ২, ৪, ভাস্কর্য, ৫ ও ৬ নম্বর গ্যালারিতে ২৯ জুন থেকে ৩১ জুলাই ২০২১ পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

 করোনা মহামারির বিষয়টি বিবেচনায় রেখে ভার্চুয়াল প্রদর্শনীর আয়োজন রাখা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে জাতীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতিসচিব ও শিল্পী আব্দুল মান্নান। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলার চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।

প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরার জন্য গতকাল রবিবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রদর্শনী আয়োজনের বিস্তারিত তুলে ধরেন লিয়াকত আলী লাকী। উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুবা করিম। লিয়াকত আলী লাকী জানান, এ বছর প্রতিটি মাধ্যমে একটি করে মোট ১১টি শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হচ্ছে। আর সব মাধ্যম মিলিয়ে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার-২০২১’ নামে একটি শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হচ্ছে। মাধ্যমভিত্তিক প্রতিটি শ্রেষ্ঠ পুরস্কারের জন্য ১ লাখ টাকা এবং সব মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য ২ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া একটি মেডেল, একটি ক্রেস্ট ও একটি সার্টিফিকেট দেওয়া হবে। পাঁচটি সম্মানসূচক পুরস্কার দেওয়া হবে, যার প্রতিটির মূল্যমান ৫০ হাজার টাকা। সঙ্গে স্পনসরশিপ পুরস্কারও রয়েছে।

এ বছরের নতুন সংযোজন চার জন কিউরেটরের তত্ত্বাবধানে চারটি ভিন্নমাত্রার আর্ট প্রজেক্ট প্রদর্শনীতে যুক্ত করা হয়েছে। প্রত্যেক কিউরেটরের অধীনে ১০ জন করে শিল্পী কাজ করেছেন। প্রত্যেক কিউরেটর তাদের নিজস্ব থিম ও স্পেস নিয়ে তাদের শিল্পকর্ম সাজিয়েছেন। প্রতিটি আর্ট প্রজেক্টের উপস্থাপনা অসাধারণ। প্রত্যেক কিউরেটরকে তাদের প্রজেক্টের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে এই কিউরেটেড উপস্থাপনার আয়োজন রাখা হয়েছে। কিউরেটরগণ হলেন শিল্প কনকচাঁপা চাকমা, শিল্পী মো. কামরুজ্জামান চৌধুরী, শিল্পী মো. জিহান করিম ও শিল্পী জয়দেব রোয়াজা। ঘরে বসে ভার্চুয়াল গ্যালারিতে প্রদর্শনী উপভোগ করতে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে—www.shilpakala.gov.bd এবং www.facebook.com/shilpakalapage.