ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৮ জন। এসময় নতুন করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ২০৮ জনের জনের নমুনা পরীক্ষায়। এদের মধ্যে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬৮ দশমিক ৭৫ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৩৭ জন। গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে ১ জন, শৈলকূপায় ২ জন ও মহেশপুরে ১ জন মারা গেছেন।

তিনি আরও জানান, গ্রামে গ্রামে করোনা ছড়িয়ে পড়েছে। বারবার সতর্ক করা সত্যেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এ কারণে করোনা সংক্রমণ বেড়ে গেছে। গতকাল সংক্রমণের হার ছিল ৩৮ ভাগ।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, করোনা ওয়ার্ডে ৮৭ জন রোগী ভর্তি আছে। রোগীর চাপ বাড়ছে।

আজ ঝিনাইদহে লকডাউনের ৭ম দিন চলছে। জেলা শহরে লকডাউন ঢিলেঢালা ভাবে কার্যকর হলেও গ্রামাঞ্চলে লকডাউন মানার বালাই নেই। গ্রামীণ হাট বাজার গুলোতে ভিড় করে কেনাকাটা চলছে। স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করা হচ্ছে না। মানুষ সিএনজি, ইজিবাইক, ভ্যান ও মোটর সাইকেলে ছুটছে।
ইত্তেফাক/এমআর
