বিনোদন ডেস্ক
করোনার প্রকোপ একটু কমতেই শুটিংয়ে ফেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তারকা-নির্মাতারা। সেই ধারাবাহিকতায় নিজের অসম্পূর্ণ সিনেমা ‘গুডলাক জেরি’র শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন জাহ্নবি কাপুর। পাশাপাশি তার ‘দোস্তানা টু’ সিনেমাটির শুটিং শুরুর অপেক্ষায় রয়েছেন ভক্তরা। করণ যোহরের এই সিনেমাটি ঘিরে শুরু থেকেই নানা ঘটনা ঘটে চলছে। বেশিরভাগ শুটিং শেষ হওয়ার পর হটাত্ কার্তিক আরিয়ানকে বাদ দেওয়া হয় সিনেমাটি থেকে। নতুন হিরো নিয়ে কবে আবার শুটিং শুরু হবে সেটা নিয়ে রয়েছে ধোঁয়াসা। এবার সেই একই প্রযোজকের ‘তক্ষত্’ সিনেমায় অভিনয় নিয়ে আলোচনায় এলেন জাহ্নবি। নতুন ছবিটিতে রণবীর কাপুর, কারিনা কাপুর, আলিয়া ভাট, অনিল কাপুর, ভিকি কৌশল ও ভূমি পডনেকারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। তবে বিষয়টি নিয়ে শুভেচ্ছা বার্তার পাশাপাশি কার্তিককে নিয়ে অনেকের নেতিবাচক মন্তব্যও শুনতে হচ্ছে তাকে। এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘নতুন এই সিনেমাটিতে প্রথমসারির অনেকের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত আমি। এটা নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করেছেন তাদের বলবো, আমি একজন অভিনেত্রী। আমার কাজ অভিনয় করা। আমি আগেও বলেছি, পরিচালক-প্রযোজক কাকে রাখবে না না সেটা তাদের বিষয়। আমি ক্যারিয়ারের প্রয়োজনে সবার সঙ্গে কাজ করতে চাই।’
